নেকড়ে ও ছাগলের বন্ধুত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকারকে বাগে পেলে শিকারি তাকে ঘায়েল করবে— এটিই স্বাভাবিক। কিন্তু এক নেকড়ে ও ছাগলের বন্ধুত্ব জগতের এই নিয়ম উল্টে দিয়েছে। এই নেকড়ে ও ছাগলের গলায় গলায় ভাব। তারা এক সঙ্গে খায়, ঘুমায়, থাকে। নেকড়ে ও ছাগলের এই বিরল বন্ধুত্বের দেখা মিলেছে চীনে। সে দেশের পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিন বছর আগে জিনজিয়াং প্রদেশের নানিয়ুয়ানজি গ্রামের বাসিন্দারা বনের ভেতর থেকে মা-হারা একটি নেকড়ের ছানা উদ্ধার করে নিয়ে আসে। গ্রামের বাসিন্দা চেন মিং বলেন, ‘গ্রামের কিছু লোক শিকারে গিয়ে ওই সদ্যোজাত নেকড়ে ছানাটিকে নিয়ে আসে। এটিকে লালনপালনের জন্য আমাকে দেওয়া হয়। এর পর থেকে নেকড়ের ছানাটি আমার বাড়িতে বড় হতে থাকে। ছানাটিকে বাড়ির ছাগলের সঙ্গে রাখি। ছাগলের দুধ পান করেই এটি বড় হয়েছে।’ এর মধ্যে তিন বছর পার হয়ে গেছে। এত দিনে নেকড়ে ও ছাগলের বন্ধুত্ব এতই গভীর হয়েছে যে ওদের আলাদা করে রাখার জো নেই। চেন জানান, ওরা এক সঙ্গে খায় ও ঘুমায়। বাড়িতে যেই আসেন, এই দৃশ্য দেখে ভারি অবাক হয়ে যান। নেকড়েটিকে বনে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে চেনের। অরেঞ্জ অনলাইন।