নেচে-গেয়ে গাবোকে বিদায়

বিশ্বনন্দিত সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সদ্য মহাপ্রয়াণে বিশ্বের কোটি মানুষের মতোই এখন শোকাচ্ছন্ন তাঁর শৈশবের শহর কলম্বিয়ার আরাকাতাকাবাসী। তবে তাঁরা এই শোকের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আর সবার মতো করে নয়, অনেকটাই ভিন্নভাবে। যাঁরা শিশুকাল থেকে প্রিয় ‘গাবো’র বেড়ে ওঠার সঙ্গে পরিচিত, ধুলোমলিন এই শহরের সেই প্রবীণেরা চিরবিদায়কে স্বাগত জানাচ্ছেন উষ্ণ স্মৃতিচারণ করে ও আশার বাণী শুনিয়ে।
গুটি গুটি পায়ে সবে হাঁটা শেখা শিশু মার্কেসকে চিনতেন আরাকাতাকার আনিবাল ক্যালে। নোবেল বিজয়ী সাহিত্যের এই মহানায়ক সম্পর্কে তিনি বলেন, ‘তাঁর দাদা ছিলেন কর্নেল। (যখনই সময় পেতেন) নাতিকে ঘরের ভেতর খুব সুরক্ষিত অবস্থায় আগলে রাখতেন। আর এ অবস্থা থেকে সে (গার্সিয়া মার্কেস) মাত্র স্কুলে যাওয়া শুরু করে।’
মার্কেসের পারিবারিক বাড়ির বহিঃপ্রাঙ্গণ ঘিরে থাকা রাস্তার বেড়ার দিকে অপলক তাকিয়ে ক্যালে আরও বলেন, ‘ঠিক ওই সময় স্কুলশিক্ষক বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়তেন, হাত ধরে নিয়ে যেতেন শিশু মার্কেসকে।’
শিক্ষকের হাত ধরে স্কুলে যাওয়া এই শিশুই পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাহিত্যের এক ‘অমর’ শিল্পী হিসেবে। তাঁর ‘জাদুবাস্তবতায়’ ফুটে উঠেছে ভালোবাসা, পরিবার ও লাতিন আমেরিকার স্বৈরশাসনের মহাকাব্য।
আরাকাতাকা এমনই এক শহর, যেখানকার বাসিন্দা, মার্কেসের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের প্রিয় এই মানুষের বিদায়কে স্বাগত জানাচ্ছেন প্রবীণ ক্যালের মতোই সুখস্মৃতিচারণ করে, সেই সঙ্গে নেচে-গেয়ে। তাঁদের মতে, মার্কেসের ব্যক্তিত্বের এক বড় অংশজুড়ে ছিল এ রকমই প্রফুল্লতা, হইহুল্লোড়।
৮৭ বছর বয়সী সাহিত্যের মহানায়ক গার্সিয়া মার্কেস গত বৃহস্পতিবার আরাকাতাকাবাসীর মতোই লাখো ভক্তকে কাঁদিয়ে মেক্সিকো সিটিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কলম্বিয়ায় জন্ম হলেও দশকের পর দশক এখানেই কেটেছে তাঁর। ১৯২৭ সালের ৬ মার্চ ক্যারিবীয় অঞ্চলের অদূরে উত্তর কলম্বিয়ার ক্রান্তীয় ম্যাগদালেনার আরাকাতাকায় জন্মেছিলেন মার্কেস। বাবা ছিলেন একজন টেলিগ্রাফ অপারেটর।
ভালোবেসে বন্ধুরা গার্সিয়া মার্কেসকে ডাকতেন ‘গাবো’ বলে। দাদা-দাদি, চাচা-চাচির কাছে ক্রান্তীয় সংস্কৃতিতে বেড়ে ওঠেন গাবো। স্পেনীয় বসতি স্থাপনকারী, দেশীয় লোকজন ও কৃষ্ণকায় কলম্বীয়দের বেশ প্রভাব ছিল এই সংস্কৃতিতে। আরাকাতাকা আগে যেমন ছিল, এখনো তেমনি আছে। এএফপি।