নেতা-কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ মমতার
ভারতের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আত্মতুষ্টিতে না ভুগতে নেতা-কর্মীদের সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতে নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে, তত শঙ্কা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। এত দিন মমতা ও মমতার দলের নেতা-কর্মীরা জোর গলায় বলে আসছিল, এবারের নির্বাচনে তাঁরা ধরাশায়ী করে দেবে বিরোধী বাম দল ও কংগ্রেস-বিজেপিকে। কিন্তু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে লড়াই যে কঠিন হচ্ছে, তা টের পাচ্ছেন মমতাও।
প্রথমে ধারণা ছিল, এবারের নির্বাচনে মমতা ও তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হবে সিপিএম। লড়াই হবে দ্বিমুখী বা ত্রিমুখী। কিন্তু এখন দেখা যাচ্ছে, অধিকাংশ আসনে লড়াই হতে যাচ্ছে চতুর্মুখী। লড়াই যত বেশি হবে, তত ক্ষতি হবে মমতার। ভোট ভাগ হবে তাঁর দলের।
এবার পশ্চিমবঙ্গে ৪২টি আসনের অধিকাংশ আসনেই লড়াই হবে চতুর্মুখী। চতুর্মুখী লড়াই হলে আখেরে যে তৃণমূলের ফল খারাপ হবে, তা এখন বুঝতে পারছেন তৃণমূলের ভোট ম্যানেজাররা। আর এসব কথা ভেবেই মমতা গতকাল শুক্রবার নদীয়ার তৃণমূলের কর্মী সভায় তাঁর দলের নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছেন, তাঁরা যেন অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে না ভোগেন। এবারের লড়াই হবে কঠিন।