নেতা নির্বাচনের অপূর্ব সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে হোসনি মোবারক-পরবর্তী যুগের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল বুধবার ভোট গ্রহণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ শেষ হবে আজ বৃহস্পতিবার।আরব বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারকের পতন ঘটে। মোবারকের তিন দশক এবং পূর্ববর্তী শাসকদের শাসনামলের হিসাব করলে মিসরে পাঁচ হাজার বছরের মধ্যে এই প্রথম দেশটির নাগরিকেরা তাঁদের নেতা নির্বাচনের অপূর্ব সুযোগ পেয়েছেন। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে কাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গতকাল প্রথম দিনে সকাল আটটায় খোলার আগেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। ‘মিসরের জন্য এটা খুবই সুন্দর একটা দিন’—বলছিলেন নেহমেদো আবদেল হাদি নামের এক ভোটার। তিনি রাজধানী কায়রোর পার্শ্ববর্তী নগর শুবরার একটি ভোটকেন্দ্রে ভোট দেন।নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ এবং বিপ্লবী ও মোবারকপন্থীদের মধ্যে। নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের প্রধান আমর মুসা, মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদেল মোনেইম আবুল ফুতু ও হামদিন সাব্বাহি।পাঁচ কোটিরও বেশি বৈধ ভোটার নির্বাচনে ভোট দেবেন। ঐতিহাসিক এ নির্বাচন উপলক্ষে সর্বমোট ১৩ হাজার ভোটকেন্দ্রেই কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের প্রাথমিক ফল আগামী রোববার প্রকাশ করার কথা। নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ৯ জুলাই নতুন প্রেসিডেন্টের কাছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা। নির্বাচন-পূর্ব জনমত জরিপে দেখা গেছে, একটা বিশালসংখ্যক ভোটার তখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি যে তাঁরা কাকে ভোট দেবেন। তবে নির্বাচনে যিনিই জিতুন না কেন, তাঁকে কঠিন সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থা কাটিয়ে ওঠা এবং বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করাই হবে পরবর্তী প্রেসিডেন্টের প্রধান কাজ। মোবারকের পতনের পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ)। তারা ভোটারদের ভোটদানে শুরু থেকেই উৎসাহিত করে আসছে। একই সঙ্গে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। এসসিএএফের একজন সদস্য মোহাম্মেদ আল-আসর ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র ভোটারদের অংশগ্রহণই পারে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে। তবে আমরা কোনো অনিয়ম অথবা ভোটারদের প্রভাবিত করার ঘটনা মেনে নেব না।’ নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে এসসিএএফ সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘সবারই ফলাফল মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। বস্তুত এর মধ্য দিয়েই মিসরের জনগণের স্বাধীন মতামত প্রতিষ্ঠিত হবে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নির্বাচন সামনে রেখে পুলিশ সারা দেশে কড়া অবস্থান নিয়েছে। ভোটকেন্দ্রগুলো পাহারায় তারা সেনাবাহিনীকে সহযোগিতা করছে। এদিকে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর উত্তরাঞ্চলীয় জেলা রড আল-ফারাগে একটি ভোটকেন্দ্রের বাইরে গতকাল পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। দুই প্রার্থীর সমর্থকদের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এএফপি ও বিবিসি।