নেতাজিকে 'ভারতরত্ন' দিতে চান মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দিতে চান ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই সঙ্গে মোদি আরও তিনজনকে এই সম্মানে ভূষিত করতে চান। এই তিনজন হলেন জনসংঘের প্রয়াত তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়, কংগ্রেসের সাবেক সভাপতি মদন মোহন মালব্য ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।
বিজেপি সূত্র জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, নেতাজিকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদির প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, নেতাজি ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহাকু বিমানবন্দর থেকে অন্তর্ধানের পর জীবিত না মৃত তা নিয়ে ভারত সরকার এখনো নিশ্চিত হতে পারেনি। নেতাজির অন্তর্ধান রহস্য তদন্তের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার কয়েকবার তদন্ত কমিশন গঠন করে। তবে এই রহস্যের কোনো কূল-কিনারা করা যায়নি। তাই প্রশ্ন উঠেছে, তাঁকে জীবিত না মরণোত্তর হিসেবে ‘ভারতরত্ন’ দেওয়া হবে?

১৯৯২ সালে তত্কালীন প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের আমলে তখনকার পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে নেতাজিকে ‘মরণোত্তর’ ভারতরত্ন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে এ নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় ভারতরত্ন দেওয়ার প্রক্রিয়া। এবারও সেই একই প্রশ্ন আসবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।