ইন্দোনেশিয়ার এক সাবেক গোয়েন্দাপ্রধান বলেছেন, জাতীয় নেতাদের ফোনে গোয়েন্দা সংস্থাগুলোর আড়ি পাতার বিষয়টি ‘স্বাভাবিক’ ব্যাপার। প্রেসিডেন্টসহ ইন্দোনেশীয় নেতাদের বিরুদ্ধে আড়ি পাতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে তিক্ত বিরোধের মধ্যে তিনি এ কথা বললেন।
সাবেক গোয়েন্দাপ্রধান এ এম হেন্দ্রোপ্রিইয়োনো সংবাদভিত্তিক একটি ইন্দোনেশীয় ওয়েবসাইটকে বলেন, ‘আমিও অস্ট্রেলিয়ার নেতাদের ফোনে আড়ি পেতেছিলাম। তখন তাঁরা শান্ত ছিলেন।’ তিনি আরও বলেন, গোয়েন্দাদের কাজ হলো যত বেশি পরিমাণে সম্ভব তথ্য সংগ্রহ করা। এটাও খেয়াল রাখতে হয়, ওই তথ্য যতটা সম্ভব বস্তুনিষ্ঠ হতে হবে। এটা নিশ্চিত করার সবচেয়ে সহজ পথ হলো ফোনে আড়ি পাতা।
ইন্দোনেশিয়ার নেতাদের ফোনে অস্ট্রেলিয়ার আড়ি পাতার খবরে জাকার্তা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও মত দেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা।
হেন্দ্রোপ্রিইয়োনো ২০০১ থেকে ২০০৪ সালের প্রায় শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার গোয়েন্দাপ্রধান ছিলেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, তাঁর স্ত্রী ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর মুঠোফোনে অস্ট্রেলিয়ার গোয়েন্দারা আড়ি পেতেছেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ইন্দোনেশিয়া ক্যানবেরায় নিযুক্ত তার দূতকে প্রত্যাহার করে নেয় এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের ক্ষমা চাওয়ার দাবি তোলে; পাশাপাশি সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কার্যক্রম স্থগিত করে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠান ফেয়ারফ্যাক্স মিডিয়ার সঙ্গে আলাপকালে হেন্দ্রোপ্রিইয়োনো বলেন, জাতীয় নেতাদের ফোনে আড়ি পাতার বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য খুবই ‘স্বাভাবিক’ বিষয়। সাবেক গোয়েন্দাপ্রধানের এ বক্তব্য ইন্দোনেশীয় সরকারের কঠোর অবস্থানকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এএফপি।