নেতানিয়াহুকে ওবামার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি না করলে ইসরায়েল বিশ্বমহল থেকে ছিটকে পড়বে। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে মার্কিন বার্তা সংস্থা ‘ব্লুমবার্গ’কে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা এই হুঁশিয়ারি দেন।
ব্লুমবার্গকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, বৈঠকের আগে সুযোগ লুফে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। তবে ওবামার হুঁশিয়ারির জবাবে নেতানিয়াহুর বক্তব্য, কোনো চাপে নতজানু হবেন না তিনি।
তিন বছর অচলাবস্থার পর গত বছরের জুলাইয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে সরাসরি বৈঠক শুরু করে হোয়াইট হাউস। তবে এর পর থেকে দু দেশের শান্তিপ্রক্রিয়ায় খুব কম অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে কয়েক দশক ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে একটি সমাধানে পৌঁছাতে চায় হোয়াইট হাউস। তবে দেশটির কর্মকর্তারা একই সঙ্গে জানিয়েছেন, মূল কয়েকটি বিষয়ে একটি কাঠামোগত চুক্তি হলে সমঝোতার প্রক্রিয়া সময়সীমার বাইরেও চলতে পারে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, আজ সোমবারের বৈঠকে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির ওপর নেতানিয়াহু মূল দৃষ্টি দেবেন বলে জানা গেছে। তিনি (নেতানিয়াহু) মনে করছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় অপরিপক্কতার পরিচয় দিয়েছে। ইরানকে কম পরিমাণে পরমাণু সমৃদ্ধকরণের অনুমোদন দিয়ে কোনো চুক্তিরও বিরোধিতা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর এসব আলোচনাকে পাশ কাটিয়ে নিজ অবস্থানে ওবামা স্থির থাকবেন বলে জানা গেছে। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনায় নেতানিয়াহুকে চাপে রাখবেন।