নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহকর্মী। নেতানিয়াহুর স্ত্রী সারাহর বিরুদ্ধে অভিযোগ, তিনি ন্যূনতম পারিশ্রমিকও দেননি ওই গৃহকর্মীকে। সারাহ নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। এর আগে নব্বইয়ের দশকে নেতানিয়াহু যখন প্রধানমন্ত্রী, তখনো সারাহর বিরুদ্ধে ইসরায়েলের গণমাধ্যমে গৃহকর্মীদের ওপর খারাপ আচরণের একই অভিযোগ উঠেছিল। খবর বিবিসি অনলাইনের।গৃহকর্মী লিলিয়ানের (৪৪) অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ছয় বছর কাজ করেছেন তিনি। ওই সময় নেতানিয়াহুর স্ত্রী তাঁকে দিয়ে অতিরিক্ত কাজ করিয়েছেন, কিন্তু ন্যূনতম মজুরিও দেওয়া হয়নি। এমনকি ছুটির দিনেও কাজ করতে বাধ্য করেছেন তিনি। তবে এ অভিযোগের ব্যাপারে সারাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেলআবিবের শ্রম আদালতে মামলা করেছেন লিলিয়ান। মামলায় তিনি উল্লেখ করেছেন, ‘সারাহ নেতানিয়াহু আমার প্রতি অন্যায় করেছেন। ন্যূনতম মজুরিও আমাকে দেওয়া হয়নি। সামাজিক সব সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে এবং শনিবার বিশ্রামের দিনেও কাজ করানো হয়েছে।’লিলিয়ান বলেন, ‘আমাকে দিয়ে ঘরের প্রায় সব ধরনের কাজ করানো হতো। এ জন্য প্রতিদিন আমাকে চারবার পোশাক বদল করতে হতো। লিলিয়ান ক্ষতিপূরণ বাবদ নেতানিয়াহুর পরিবারের কাছে ৮০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন।