নেতানিয়াহুর হুমকিকে উড়িয়ে দিলেন রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যে হুমকি দিয়েছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানি সংবাদমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবর অনুযায়ী, ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘ইসরায়েলের হুমকি শুনে আমার হাসি পেয়েছে। ওরা আমাদের হুমকি দেওয়ার কে?’ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে দেশটির ওপর ইসরায়েল প্রয়োজনে হামলা চালাবে বলে নেতানিয়াহু গত রোববার নতুন করে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করলেও তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচি বহাল রাখার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র উদ্যোগী না হলে ইসরায়েল হয়তো একতরফাভাবেই হামলা চালাবে। কারণ, ইরান ‘সীমা ছাড়িয়ে যাচ্ছে’।মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও তারা কখনোই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে বিশ্বের পরাশক্তিগুলোর বিরোধ চলছে কয়েক বছর ধরে। এএফপি।