ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের অসুস্থতার কারণে দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে নানা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ১০ জানুয়ারি চাভেজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে না পারলে সাংবিধানিক সংকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও চাভেজের সমর্থকেরা সেই আশঙ্কা নাকচ করে দিচ্ছে।ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি মারা যান বা দেশ পরিচালনার ক্ষেত্রে স্থায়ীভাবে অপারগ হন, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। চাভেজ-বিরোধীরা দাবি করছেন, চাভেজ ১০ তারিখে শপথ না নিলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। চাভেজের শারীরিক অবস্থা সম্পর্কে খোলাখুলিভাবে কিছু জানানো হচ্ছে না। দলীয় নেতারা তাঁকে দেশ পরিচালনায় অপারগ বলেও উল্লেখ করছেন না। তাঁদের দাবি, ১০ তারিখ শপথ না নিলেও সাংবিধানিক কোনো সংকট হবে না।এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার বিরোধী দল ক্ষমতাসীনদের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছে। তবে ক্ষমতাসীনেরা সেই আহ্বান নাকচ করে দেয়। এর সমালোচনা করে বিরোধী দলের উপনেতা হিরান গাভিরিয়া বলেন, ‘এ মুহূর্তে শুধু রাষ্ট্রপ্রধান অসুস্থ নয়, পুরো রাষ্ট্রই অসুস্থ। রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাচ্ছে, ঋণ ও মুদ্রাস্ফীতি বেড়েছে, বেড়েছে জনগণের নিরাপত্তাহীনতাও। সরকার কিছুই স্বীকার করছে না।’ এই অনিশ্চয়তার মধ্যে চাভেজের মিত্ররা অবশ্য জনগণের সামনে তাঁদের ঐক্য তুলে ধরতে পেরেছেন। গতকাল তাঁরা জাতীয় পরিষদের প্রধান হিসেবে দিওসদাদো ক্যাবেল্লোকে পুনর্নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে ক্যাবেল্লোও বলেন, ১০ তারিখে শপথ গ্রহণের বাধ্যবাধকতা চাভেজের নেই। তিনি জাতীয় পরিষদে অনুপস্থিত থাকার অনুমতিও পেয়েছেন। তাই শপথ না নিলেও সাংবিধানিকভাবে কোনো সমস্যার সৃষ্টি হবে না।সংবিধান বিশেষজ্ঞ ও কারাকাসের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্লোস আয়ালা জানান, চাভেজ যদি ‘সাময়িকভাবে অক্ষম’ হন তাহলে ১৮০ দিনের মধ্যে দুবার শপথ অনুষ্ঠান পেছানো যেতে পারে। কিন্তু এ জন্য প্রথমেই এটা নিশ্চিত করতে হবে, চাভেজ জীবিত আছেন এবং তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আয়ালা বলেন, রাষ্ট্রপ্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্টভাবে জানার অধিকার জনগণের রয়েছে। তবে চাভেজ যদি দায়িত্ব পালনে ‘স্থায়ীভাবে অসমর্থ’ হন তাহলে তা ঘোষণা দিয়ে জানাতে হবে। সে ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এএফপি ও লস অ্যাঞ্জেলেস টাইমস।