চীনের স্টেট কাউন্সিলর দাই বিংগু বলেছেন, নেতৃত্বে পালাবদলের পর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার কাজ শুরু করবে বেইজিং।গতকাল সোমবার বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন দাই বিংগু। দুই দেশের সীমানা বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নিতে মেনন চীন সফর করছেন।গত নভেম্বরে চীনা ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পর সে দেশে যে কজন বিদেশি নেতা সফর করেছেন, তাঁদের মধ্যে মেনন একজন। বিংগু বলেন, এ কারণে মেননের এই সফর চীনের কাছে ‘বিশেষ কিছু ও গুরুত্বপূর্ণ’।ভারতীয় উপদেষ্টাকে বিংগু বলেন, ‘আমি নিশ্চিত, আপনার এই সফরের মধ্য দিয়ে চীন ও চীনের পররাষ্ট্রনীতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে ভারত।’দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে গতকাল তিন দফা আলোচনা হয়। প্রথম দফায় চীনা নেতৃত্বের পালাবদলের বিষয়ে ভারতীয় প্রতিনিধিদলকে জানানো হয়। আর অন্য দুই দফায় চীন-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এতে সীমানা বিরোধ থেকে শুরু করে দুই দেশের কৌশলগত বিভিন্ন দিক গুরুত্ব পায়।তিন দিনের সফরকালে চীনা পার্লামেন্টের প্রধান ও বিদায়ী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির (পিবিএসসি) দ্বিতীয় শীর্ষ নেতা উ বাংগুর সঙ্গেও মেননের বৈঠক করার কথা রয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেট হলে এ বৈঠক হবে। কর্মকর্তারা জানান, নবনির্বাচিত পিবিএসসির সাতজন সদস্যের একজনের সঙ্গেও মেননের দেখা করার কথা রয়েছে।ভারতকে ‘বড় ও বন্ধুপ্রতিম রাষ্ট্র’ উল্লেখ করে বিংগু বলেন, কমিউনিস্ট পার্টির ১৮তম কংগ্রেসে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে—চীন বিশ্ববাসীর উন্নয়ন ও শান্তির জন্য কাজ করবে। এতে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং নতুন নতুন রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেবে বেইজিং। তিনি বলেন, ‘আমরা প্রতিবেশীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক টিকিয়ে রাখা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর কাজ করব।’মেননের সঙ্গে বৈঠকে বিংগু আরও বলেন, ‘চীনের উন্নয়নে আশপাশের দেশগুলোও যাতে লাভবান হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। উন্নয়শীল অন্য যেকোনো রাষ্ট্রই আমাদের বন্ধু হবে।’ দ্য হিন্দু।