নেতৃত্বশূন্যতায় পড়ল লাতিন আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে লাতিন আমেরিকা অঞ্চলের বামপন্থী রাজনৈতিক অঙ্গনে একধরনের নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। আঞ্চলিক তেল রপ্তানির ক্ষেত্রে তাঁর গৃহীত উদার নীতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।চাভেজের মিত্র এবং বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠায় প্রয়াত বন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ভেনেজুয়েলার সাহায্য ও তেলসম্পদের ওপর বিশেষভাবে নির্ভরশীল দেশ কিউবার জনগণ তাঁদের প্রিয়ভাজন চাভেজের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। ক্যারিবীয় অঞ্চলের ছোট ছোট দ্বীপরাষ্ট্র থেকে শুরু করে মধ্য আমেরিকার দারিদ্র্যপীড়িত নিকারাগুয়া পর্যন্ত জনপ্রিয়তা রয়েছে চাভেজের। তিনি এসব দেশকে প্রায় শতাব্দীব্যাপী মার্কিন প্রভাব থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। বিকাশমান অর্থনীতির দেশ ইকুয়েডর ও বলিভিয়া এবং দক্ষিণ আমেরিকার শক্তিধর দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার বাম ঘেঁষা সরকারগুলোও চাভেজকে পছন্দ করত। তবে বিশ্লেষকদের মতে, চাভেজ তাঁর নিজ দেশকে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক মেরুকরণের মিশ্র সংকটের মুখে ফেলে গেছেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আর্মহার্স্ট কলেজের ভেনেজুয়েলা-বিশেষজ্ঞ জ্যাভিয়ার কোরেলস বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ অন্যদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে ব্যয় করতেন চাভেজ। এ ছাড়া দেশটি বিভিন্ন পণ্যের বড় আমদানিকারকে পরিণত হয়েছিল। এই বাণিজ্যের কারণেই প্রতিবেশী দেশগুলোর বন্ধুত্ব অর্জন চাভেজের জন্য সহজ হয়েছিল। ভেনেজুয়েলা মোট ১৭টি দেশে প্রাধিকার ভিত্তিতে তেল রপ্তানি করে। এ ছাড়া দেশটি যৌথ প্রকল্পে ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে তেল পরিশোধন করে। আর্জেন্টিনাকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহায়তার লক্ষ্যে বিপুল অর্থের বন্ডও কিনেছিল ভেনেজুয়েলা। দেশটি ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যভাগ পর্যন্ত নিকারাগুয়াকে ২৪০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেয়। নিকারাগুয়ার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই অর্থের অঙ্কটি তাদের জাতীয় অর্থনীতির জন্য অনেক বড়। ৪৪ হাজার পেশাজীবীর সেবার বিনিময়ে কিউবার মোট চাহিদার দুই-তৃতীয়াংশ সরবরাহ করে ভেনেজুয়েলা। ওই পেশাজীবীদের অধিকাংশই চিকিৎসা খাতে কাজ করেন। বন্ধুরাষ্ট্রের এই উদার সহযোগিতায় কিউবা ১৯৯১ সালে সোভিয়েতের পতন-পরবর্তী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সমর্থ হয়। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে চাভেজের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তাঁরা আদর্শিক শত্রু যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় লাতিন আমেরিকায় বামপন্থী সংহতি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। চাভেজের উত্তরসূরি ও ভেনেজুয়েলার বর্তমান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঠিক কী উপায়ে দেশকে এগিয়ে নেবেন, সেটাই এখন দেখার বিষয়। বিশ্লেষকেরা বলেন, চাভেজের অতিরিক্ত ব্যয়ের নীতি ভেনেজুয়েলার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করলেও তাঁর মতো প্রভাবশালী ও আকর্ষণীয় নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে। ভেনেজুয়েলার একটি যুগের প্রতীকে পরিণত হয়েছেন চাভেজ।