ভারতের লোকসভা নির্বাচনে ব্যাপক বিপর্যয়ের শিকার বাম দলের নেতৃত্ব বদলের দাবি উঠেছে৷ দলের বিভিন্ন স্তর থেকে এই দাবি উঠেছে৷
ভারতের মূলত পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরা—এই তিন রাজ্যে বাম দলের আধিপত্য রয়েছে। ত্রিপুরার দুটি আসনই পেয়েছে তারা। আর কেরালায় ২০টি আসনের মধ্যে জিতেছে সাতটি৷ পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে জিতেছে মাত্র দুটি।
বাম জোট বা বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের ভেতরেই নেতৃত্ব বদলের দাবি বেশি জোরদার হচ্ছে। সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমান বসু, পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ নেতাকে দ্রুত সরিয়ে নতুন নেতৃত্ব আনার দাবি উঠেছে। সিপিএমের বহিষ্কৃত নেতা আবদুর রেজ্জাক মোল্লা, লক্ষ্মণ শেঠ, এমনকি সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ নেতারাও এমন দাবি তুলেছেন৷
সিপিএমের নেতা ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি বলেছেন, সিপিএম নেতৃত্ব এখন গোটা দেশে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব দ্রুত পরিবর্তন দরকার। তরুণ প্রজন্মের হাতে এখনই নেতৃত্ব দেওয়া উচিত৷ বাম আন্দোলন এখন দিশাহীন৷ কীভাবে মানুষের সমস্যা নিয়ে লড়াই করতে হয়, তা তারা ভুলে গেছে।