নেদারল্যান্ডস বাহিনী দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়ার আলোচিত সেব্রেনিৎসা হত্যাযজ্ঞের সময় ৩০০ জন বসনীয় মুসলিমের মৃত্যুর জন্য রাষ্ট্র নেদারল্যান্ডস দায়ী। নেদারল্যান্ডসেরই একটি আদালত গতকাল বুধবার এ রায় দিয়েছেন। খবর বিবিসির।
১৯৯৫ সালের জুলাইয়ে সেব্রেনিৎসা শহরে জাতিগত সহিংসতায় প্রাণ হারায় বহু বসনীয় মুসলিম। সে সময় শহরটিতে নেদারল্যান্ডসের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে আশ্রয় নেয় পাঁচ হাজার বসনীয়। তাদের মধ্যে ওই ৩০০ জনও ছিল। তাদের মৃত্যুর জন্য নেদারল্যান্ডসকে দায়ী করা হয়। ওই সময় প্রাণ হারানো আরও সাত হাজার বসনীয়র মৃত্যুর দায় থেকে নেদারল্যান্ডসকে রেহাই দেওয়া হয়েছে।
রাজধানী হেগের আদালত রায়ে বলা হয়, ওই ৩০০ বসনীয়কে রক্ষায় নেদারল্যান্ডসের শান্তিরক্ষী বাহিনী ডাচব্যাট তখন যথেষ্ট ভূমিকা রাখেনি। তাদের সার্ব বাহিনীর হাতে তুলে দেওয়ার সময় ডাচ বাহিনীর বোঝা উচিত ছিল, সার্ব বাহিনী তাদের হত্যা করতে পারে।
সেব্রেনিৎসা হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় গণহত্যা হিসেবে দেখা হয়ে থাকে।