নেদারল্যান্ডসের নতুন রাজা আলেকসান্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের রানি বিয়াত্রিকস সিংহাসনের দায়িত্ব তাঁর ছেলে প্রিন্স উইলেম আলেকসান্দারের কাছে হস্তান্তর করেছেন। ইউরোপের ইতিহাসে আলেকসান্দারই সর্বকনিষ্ঠ রাজা।গতকাল মঙ্গলবার রাজধানী আমস্টারডামের রাজপ্রাসাদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রানি বিয়াত্রিকস (৭৬) সিংহাসন ত্যাগের কাগজপত্রে সই করেন। এরপর প্রিন্স আলেকসান্দার (৪৬) সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজপ্রাসাদের বাইরে সমবেত কমলা রঙের পোশাক পরা বিপুলসংখ্যক মানুষ প্রিয় রানির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ১৮৯০ সালের পর থেকে এই প্রথম নেদারল্যান্ডসে কেউ রাজা হলেন। পরে ড্যাম স্কয়ারের নিউয়া কের্ক গির্জায় রাজা আলেকসান্দারের আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা।গত জানুয়ারিতে রানি বিয়াত্রিকস সিংহাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৩৩ বছর দায়িত্ব পালন শেষে সিংহাসন ছাড়ার পর রানি বিয়াত্রিকস বলেন, ‘নেদারল্যান্ডসের রানির দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এবং সিংহাসনের দায়িত্ব আমি আমার বড় ছেলে উইলেম আলেকসান্দারের কাছে হস্তান্তর করছি।’দায়িত্ব গ্রহণের পর রাজা আলেকসান্দার তাঁর মা বিয়াত্রিকসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেদারল্যান্ডসের আপামর জনতা এবং বিদেশে থাকা নাগরিকেরা তাঁর মায়ের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।রানির দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান ড্যাম স্কয়ারের টেলিভিশনের বড় পর্দায় সরাসরি দেখানো হয়। রানির বক্তব্যের পরই টিভির পর্দায় দেখানো হয়, প্রিন্স আলেকসান্দার ও তাঁর স্ত্রী কাগজে সই করছেন। পরে বিয়াত্রিকস, আলেকসান্দার ও তাঁর স্ত্রী ম্যাক্সিমা (৪১) রাজপ্রাসাদের ব্যালকনিতে এসে দাঁড়ান। এ সময় ড্যাম স্কয়ারে সমবেত মানুষ উল্লাসে ফেটে পড়েন। এএফপি ও বিবিসি।