নেদারল্যান্ডে দুটি ট্রেনের সংঘর্ষে শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের কাছে গত শনিবার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। ডাচ পরিবহন পুলিশ বিভাগ এ কথা জানায়। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মুখপাত্র এড ক্রাসজেউস্কি জানান, রাজধানীর কাছে পশ্চিমাঞ্চলীয় উপশহর স্লটারডিজকের কাছে এ দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। তাদের মধ্যে ৫১ জনের অবস্থা গুরুতর। তবে অগ্নিনির্বাপণ বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র জানান, গুরুতর আহত ব্যক্তির সংখ্যা ৫৬ জন। ডাচ রেল নেটওয়ার্কের মুখপাত্র বাবেত ভাস্তারপেন জানান, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে স্থানীয় একটি ট্রেনের সঙ্গে দ্রুতগামী একটি ট্রেনের সংঘর্ষ ঘটে। ট্রেন দুটির মধ্যে একটি কেবলই আমস্টারডামের কেন্দ্রীয় ও অপরটি আমস্টারডামের স্লটারডিজক রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। দুটি ট্রেনই ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। পুলিশের মুখপাত্র ক্রাসজেউস্কি জানান, এ রকম ধীরগতিতে চলাকালে কী করে ট্রেন দুটি একটি আরেকটির ওপর উঠে গেল তা এখনো জানা যায়নি। ট্রেনের ভেতরে বিক্ষিপ্তভাবে ধাক্কা খেয়ে অনেকেরই শরীরের বিভিন্ন অংশের হাড় ও ঘাড় ভেঙে যায়। ক্রাসজেউস্কি আরও জানান, শনিবার সন্ধ্যার মধ্যেই দুর্ঘটনাকবলিত ট্রেনযাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়। রেলের মুখপাত্র ভাস্তারপেন জানান, গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই আমস্টারডামের কেন্দ্রীয় রেলস্টেশন ও স্কিফোল বিমানবন্দরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নেদারল্যান্ডে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে উতারর্চত শহরের হারমেলেনে ১৯৬২ সালের ৮ জানুয়ারি। ওই সময় দুটি ট্রেন একে অপরের ওপর উঠে গেলে ৯৩ জন যাত্রী নিহত ও ৫২ জন আহত হয়। এএফপি।