নেদারল্যান্ডে লুকানো আছে ২২টি মার্কিন পারমাণবিক বোমা
নেদারল্যান্ডে যুক্তরাষ্ট্রের ২২টি পারমাণবিক বোমা লুকানো আছে বলে নিশ্চিত করেছেন দ্বীপরাষ্ট্রটির সাবেক প্রধানমন্ত্রী রুড লুবার্স। তিনি ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নেদারল্যান্ডের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লুবার্সের ভাষ্য অনুযায়ী, ব্রাবান্টের ভোলকেল বিমানঘাঁটির একটি ভূ-গর্ভস্থ কক্ষে ওই বোমাগুলো লুকিয়ে রাখা হয়েছে।
একটি তথ্যচিত্রের জন্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে লুবার্স বলেন, ‘আমি ভাবতেই পারছি না, এসব জিনিস ২০১৩ সালেও ওই জায়গাতেই আছে।’
দীর্ঘদিন ধরে গুজব চলছে, নেদারল্যান্ডের কাছে পারমাণবিক অস্ত্র আছে। লুবার্সের বক্তব্যে এবার তার প্রমাণ মিলল।
তবে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে লুবার্সই প্রথম বোমার অস্তিত্বের কথা স্বীকার করলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, সামরিক চিন্তাধারার গতানুগতিকতায় এসব একেবারেই অকেজো ব্যাপার।’
নেদারল্যান্ডের দৈনিক পত্রিকা ‘টেলিগ্রাফ’-এ প্রকাশিত বিশেষজ্ঞদের মত, ভোলকেলে লুকানো বোমাগুলো হলো ‘বি সিক্সটি ওয়ান’, যা ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল।
ডাচ প্রচারমাধ্যম এনওএসকে রাজকীয় ডাচ বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেন, এ ধরনের বিষয় নিয়ে ‘কথা বলা নিষেধ’। তিনি আরও বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনিই (লুবার্স) সবচেয়ে ভালো জানেন।’