ইসলামবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেদারল্যান্ডের এমপি সিয়েথ ভিল্ডার্সকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। স্থানীয় সময় সকাল নয়টার দিকে আমস্টারডামে বিচারক জান মুরসের সভাপতিত্বে শুনানি শুরু হয়েছে। পাঁচটি অভিযোগের ভিত্তিতে ভিল্ডার্সকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তাঁর বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, উসকানিমূলক বক্তব্য দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। কৌঁসুলিরা বলেন, ইসলাম ধর্ম নিয়ে ২০০৬ সালের অক্টোবর ও ২০০৮ সালের মার্চে ডাচ সংবাদপত্রে ভিল্ডার্স উত্তেজনামূলক বক্তব্য দেন।এসব অভিযোগ প্রমাণিত হলে ভিল্ডার্সের এক বছরের জেল বা ১০ হাজার ডলার জরিমানা হতে পারে। তবে তিনি দাবি করেছেন, অপরাধমূলক কিছুই তিনি বলেননি। ভিল্ডার্সের ফ্রিডম পার্টি ৯ জুন সে দেশের নিম্নকক্ষের নির্বাচনে ১৫০টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে। বিবিসি, এএফপি, রয়টার্স।