নেপাল নিয়ে তসলিমার মন্তব্য ঘিরে বিতর্ক
এবার কোনো ধর্মীয় লেখালেখি নিয়ে বিতর্ক নয়, বিতর্ক বেধেছে নেপাল সম্পর্কে একটি মন্তব্য ঘিরে। তসলিমার একটি মন্তব্যে নেপালে এতটাই ক্ষোভ দেখা গেছে যে, নেপাল সাহিত্য উৎসবের আয়োজকেরা তাঁকে শেষ পর্যন্ত সে দেশে যেতে নিষেধ করেছেন।নেপালের প্রথম সাহিত্য উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তসলিমা নাসরিনকে। গত শনিবার থেকে চার দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।তসলিমাকে নিয়ে নেপালের সাহিত্য জগতে যথেষ্ট উৎসাহও ছিল। কিন্তু গত শনিবার তসলিমা দিল্লি থেকে নেপালের বিমান ধরতে গিয়েছিলেন তাঁর সুইডিস পাসপোর্ট ছাড়াই। ফলে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। ভারতীয়দের ক্ষেত্রে নেপালে যাতায়াতের জন্য পাসপোর্ট-ভিসার প্রয়োজন হয় না। কিন্তু তসলিমার জন্য তো সেটা অবশ্যই প্রয়োজন।কাঠমান্ডুর বিমানে উঠতে না পেরে তসলিমা তাঁর ট্যুইটারে লেখেন, ‘আমার নেপালি বন্ধুরা, আমি কাঠমান্ডু যাওয়ার বিমান মিস করেছি। নেপালকে আমি বিদেশি রাষ্ট্র মনে করিনি। আমি পাসপোর্ট আনতে ভুলে গিয়েছিলাম।’ তসলিমার এই মন্তব্যে নেপালে প্রবল ক্ষোভ দেখা দেয়। তাঁর অনুগামীরাও বিভিন্ন ব্লগে তসলিমার ভৌগোলিক জ্ঞানের অভাব ও নেপালকে ভারতেরই অংশ মনে করার মানসিকতার সমালোচনা করেন।এই ক্ষোভের খবর তসলিমার কাছে পৌঁছালে তিনিও দুঃখ প্রকাশ করেন। গতকাল তিনি ফের কাঠমান্ডু যাওয়ার উদ্যোগ নিলে নেপালের সাহিত্য উৎসবের আয়োজকেরা তসলিমাকে জানিয়ে দেন, তাঁর আসার দরকার নেই। সাহিত্য উৎসবের এক কর্মকর্তা অজিত বড়াল জানিয়েছেন, ‘আমরা কোনো বিতর্কে জড়াতে চাই না। তা ছাড়া তসলিমার নিরাপত্তা নিয়েও আমরা চিন্তিত। কেননা, তসলিমার মন্তব্য ঘিরে উত্তপ্ত নেপাল। তাঁকে কালো পতাকা দেখানোসহ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ হতে পারে।’