নেপালে অন্তর্বর্তী সরকার নিয়ে অবশেষে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়েছে। এই সরকারের অধীনে আগামী জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে গত বছর থেকে চলমান রাজনৈতিক অচলবস্থার নিরসন হলো বলে মনে করা হচ্ছে।নেপালের মাওবাদীদের জোট ইউনিফায়েড কমিউনিস্ট পার্টির নেতা কাজি শ্রেষ্ঠ জানান, দেশটির প্রধান চার রাজনৈতিক দলের নেতারা গত সোমবার রাতে একটি সমঝোতায় উপনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এক বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি সই হওয়ার কথা। একই বৈঠকে নেতারা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ এবং নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা ঠিক করা হবে বলেও তিনি জানান।সমঝোতায় পৌঁছানো রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খিলরাজ রেগমিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চাইছে। প্রধান বিচারপতিকে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান করার এই ধারণা গত সপ্তাহে দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন মাওবাদী দলের নেতারা। কারণ, প্রস্তাবিত ওই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছিল আলোচনায় বসা দলগুলোর মধ্যে।গত বছরের মে মাস থেকে নেপালে পূর্ণাঙ্গ কার্যক্ষমতাসম্পন্ন সরকার ও কোনো পার্লামেন্ট নেই। প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ওই সময় থেকে একটি তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করে আসছেন। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে গঠিত সাংবিধানিক পরিষদ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের মধ্যেও সংবিধান প্রণয়নের দায়িত্ব পালনে সক্ষম না হওয়ায় গত বছরের মে মাসে দায়িত্ব নিয়েছিল ভট্টরাইয়ের সরকার। তবে বিরোধী দলগুলোর বিরোধিতাসহ নানামুখী চাপে নতুন নির্বাচন দিতে ব্যর্থ হয় তাঁর সরকার। এপি।