নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। অগ্নি এয়ার নামক বেসরকারি সংস্থার ওই উড়োজাহাজটি অন্নপূর্ণা পার্বত্য এলাকার কাছে গতকাল সোমবার সকালে বিধ্বস্ত হয়। পুলিশের মুখপাত্র বিনোদ সিং বলেন, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি জমসম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এতে কয়েকজন ভারতীয় নাগরিকসহ মোট ২১ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৩ জন ভারতীয় পর্যটক ও দুজন নেপালি পাইলট। এ দুর্ঘটনায় নেপালি এক বিমানবালাসহ ছয়জন বেঁচে যান। তাঁদের পোখারা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীবাহী ওই বিমানটি পোখারা থেকে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান মুক্তিনাথের উদ্দেশে রওনা হয়েছিল। এতে বেশ কয়েকজন ভারতীয় তীর্থযাত্রীও ছিলেন।উদ্ধার তৎপরতায় সেনাসদস্যরা অংশ নেন। অগ্নি এয়ার কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ডেনমার্কের দুজন নাগরিক ছিলেন। তবে তাঁদের বর্তমান অবস্থা জানা যায়নি। এএফপি।