নেপালে কৈরালার সরকারে যোগ দিচ্ছে না শরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সুশীল কৈরালা গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। ৭৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামবরণ যাদব।
নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম প্রকাশের কথা থাকলেও প্রধানমন্ত্রী সুশীল মাত্র একজন মন্ত্রীর (রামশরণ মাহাত) নাম ঘোষণা করেন। তবে তাঁর দপ্তর এখনো ঠিক করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের প্রধান শরিক দল কমিউনিস্ট পার্টি (ইউএমএল) নতুন জোট সরকারে না যাওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রিসভায় স্থান পাওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। উভয় দলই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চায়। এতে দেশটির রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। পার্লামেন্টে নির্বাচনের মধ্য দিয়ে সুশীল গত সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মান সিং বলেন, মন্ত্রিসভায় স্থান বরাদ্দের ব্যাপারে ইউএমএলের সঙ্গে কোনো চুক্তি হয়নি। তারা সরকারে না এলে সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে। এপি ও টাইমস অব ইন্ডিয়া।