নেপালে ত্রাণের কাজ করছে মার্কিন সামরিক হেলিকপ্টার
নেপালের ভূমিকম্প বিধ্বস্ত প্রত্যন্ত অঞ্চলে গতকাল সোমবার থেকে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে কয়েকটি মার্কিন সামরিক হেলিকপ্টার। নেপালের এক সরকারি কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপির।
মার্কিন সেনাবাহিনীর চারটি অসপ্রে হেলিকপ্টার ও সি-১৭ পরিবহন উড়োজাহাজ গত রোববার কাঠমান্ডুতে এসে পৌঁছেছে। গতকাল কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেন, কয়েকটি মার্কিন হেলিকপ্টার যে প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ প্রয়োজন সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছে। তবে অসপ্রে হেলিকপ্টারগুলো এখনো কাজ শুরু করেনি।
নেপালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডব্লিউ বোড সাংবাদিকদের বলেন, ‘হেলিকপ্টার ও বিমানগুলো বহুবিধ কাজ করবে। তারা ত্রাণসামগ্রী সরবরাহ, উদ্ধারকাজ এবং জরিপ করবে।’
নেপালের এক কর্মকর্তা বলেন, মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে উদ্ধারে কাজ করবে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সূর্য প্রসাদ সিলওয়াল বলেন, ‘তারা বিশেষত নেপালের পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু পালচক ও গোর্খা এলাকায় হতাহত ব্যক্তিদের উদ্ধারেও সহায়তা করছে।’
নয় দিন আগে গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। গতকাল সোমবার পর্যন্ত নেপালের সরকারি হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৫ জনে। আহত মানুষের সংখ্যা কমবেশি ১৪ হাজার। তবে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের চূড়ান্ত সংখ্যা আরও অনেক বেশি হবে। ওই ভূমিকম্পে ভারত ও চীনে ১০০ জনেরও বেশি নিহত হয়।
শতবর্ষী ব্যক্তি চাপা পড়েননি: এদিকে নেপালের পুলিশ জানিয়েছে, ১০১ বছর বয়সী ফুঞ্চু তামাঙকে আসলে তাঁর বাড়ির বাগানেই জীবিত পাওয়া গেছে। তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েননি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশের সদস্য অরুণ কুমার সিং বলেন, সামান্য আঘাত পাওয়া ফুঞ্চু তামাঙকে গত শনিবার উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, তামাঙকে তাঁর বিধ্বস্ত ঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
পর্বত অভিযান বন্ধ: এদিকে হিমালয়ে অভিযান পরিচালনাকারী কোম্পানিগুলো গত রোববার তাদের বসন্তকালীন অভিযান বন্ধ ঘোষণা করেছে। ভূমিকম্প থেকে সৃষ্ট তুষার ধসে ১৮ পর্বতারোহী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ ঘোষণা দিল। দুবারের এভারেস্ট জয়ী কাঠমান্ডুভিত্তিক এশিয়ান ট্রেকার্সের দাওয়া স্টিভেন শেরপা বলেন, ‘চলমান ভূমিকম্প-পরবর্তী কম্পনের কারণে আমরা অভিযান চালাতে পারছি না।’