নেপালে নতুন গুপ্ত সংগঠনের গাড়িবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে সম্প্রতি গঠিত স্বতন্ত্র নেপাল দল নামের একটি গুপ্ত সংগঠন গত মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সংগঠনের কর্মীরা জানিয়েছেন, দেশটির রাজনীতিকেরা গত মাসে একটি নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা। ভবিষ্যতে এ ধরনের আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। বিস্ফোরণের এক ঘণ্টা পর সংবাদমাধ্যমগুলোতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটা ছিল একটা পরীক্ষামূলক পদক্ষেপ। তথাকথিত বড় দল ও তাদের তল্পিবাহী আইনপ্রণেতাদের বিরুদ্ধে এ ধরনের আরও হামলা চালানো হবে। ওই ঘটনার পরপরই বেশ তৎপর হয়ে উঠেছে নেপালের পুলিশ বাহিনী। বিস্ফোরণের পরপরই তারা এর সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক এবং আরও দুজনকে ধরার জন্য অভিযান শুরু করে। পাশাপাশি বিকেল নাগাদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।নেপালের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দীপক থাপা বলেন, ‘সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য একটি পরিকল্পিত হামলা ছিল এটি। সৌভাগ্যের বিষয় হলো সকালে খুব বেশি মানুষ ছিল না। আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। এতে চারজন সামান্য আহত হয়েছেন।’ স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে কাঠমান্ডুর বসুন্ধরা এলাকায় রাখা একটি মারুতি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশকে খবর দেয়। এর পরপরই দুটি বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে তৃতীয় একটি বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় নেপালের বড় রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি। টাইমস অব ইন্ডিয়া।