নেপালে নভেম্বরে নতুন নির্বাচনজরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান প্রণয়নে রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নেপালে আগামী ২২ নভেম্বর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে বর্তমান সাংবিধানিক পরিষদের মেয়াদও ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান প্রণয়নে ব্যর্থ হওয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন করে সাংবিধানিক পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান প্রণয়নে করতে না পারায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। নির্বাচনই গণতন্ত্রের শেষ পরীক্ষা। বাবুরাম ভট্টরাই বলেন, ‘আমি সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ মানুষের কাছে আহ্বান জানাই, তাঁরা যেন হতাশ হয়ে না পড়েন। নতুন নেপাল গঠনে আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হিসেবে নেপালকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।’ নেপাল প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়নের জন্য শেষ সময় ছিল গত রোববার। সাংবিধানিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে রোববার রাতে প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন। ওই বৈঠকেই নতুন নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তের কথা জানান। ২০০৮ সালে রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র হিসেবে নেপালের নতুন যাত্রা শুরু হয়। ওই সময় দেশটিতে দুই বছরের জন্য অন্তর্বর্তী সাংবিধানিক পরিষদ গঠন করা হয়। এর পর চার দফায় এই সাংবিধানিক পরিষদের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু রাজনৈতিক সমঝোতা না হওয়ায় সংবিধান প্রণয়ন করা যায়নি। মূলত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে রাজ্য গঠন, রাজ্যের সীমানা নির্ধারণ ও নামকরণ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিচয়গত অবস্থান নির্ণয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক দেখা দেওয়ায় নতুন সংবিধান প্রণয়ন করা যায়নি। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট সাংবিধানিক পরিষদের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। এ নিয়ে নেপালের রাজনীতিতে সংকট বাড়তে থাকে। গত রোববার সাংবিধানিক পরিষদের বৈঠকের সময় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী। এর বাইরে কয়েক সপ্তাহ ধরে নেপালের বিভিন্ন অঞ্চলে রাজ্যের জাতিগত পরিচয় নির্ধারণ নিয়েও সহিংসতা চলছে। সংবিধান প্রণয়নে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ও মাওবাদী দলের নেতা বাবুরাম তাঁর সরকারের শরিক দলগুলোকে দায়ী করেছেন। তবে সরকারের শরিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করেছেন। সাংবিধানিক পরিষদের চেয়ারম্যান সুবাস নেমবাং আশঙ্কা করছেন এ ঘটনায় নেপালে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হবে।কাঠমান্ডুর একজন বৃদ্ধ শ্রমিক বাহাদুর লামা বলেন, ‘রাজনৈতিক দলগুলো সংবিধানের ব্যাপারে আগ্রহী নয়। তারা শুধু চায় ক্ষমতা ও টাকা। আমাদের মতো মানুষের কথা তারা ভাবে না।’এদিকে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর প্রধানমন্ত্রী বাবুরামের নেতৃত্বাধীন জোট সরকারের শরিক তিনটি দল গতকাল জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা কমিউনিস্ট ইউএমএল পার্টির নেতা ঈশ্বর পোখরেল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে পরামর্শ না করে হঠাৎ নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। নতুন নির্বাচন আয়োজনে সরকারের সাংবিধানিক বা রাজনৈতিক কোনো বৈধতা নেই।’ বিবিসি, এএফপি, ডন।