নেপালে পত্রিকার মালিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের একটি বহুল প্রচারিত পত্রিকা ও রেডিও স্টেশনের মালিককে অজ্ঞাত দুষ্কৃতকারীরা গত সোমবার গুলি করে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।নেপালের দক্ষিণাঞ্চলীয় শহর জনকপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উত্সব হোলি চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা অরুণ সিংহানিয়া নামের ওই পত্রিকার মালিককে হত্যা করে। মিডিয়া টাইকুন জামিম শাহ হত্যাকাণ্ডের মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁকে হত্যা করা হলো। জামিমকে খোদ কাঠমান্ডুর প্রাণকেন্দ্রে খুন করা হয়। তবে দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র নেই বলে ধারণা করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, অরুণ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের পর জনকপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মুখপাত্র ইক মানি নেপাল আরও জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।নেপালে সাংবাদিকেরা প্রায়ই হামলার শিকার হন। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় তরাই উপত্যকায় প্রায়ই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। অরুণ সিংহানিয়া যেখানে নিহত হন, সেই জনকপুর তরাই অঞ্চলেই অবস্থিত।নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সাংবাদিকদের জন্য সবচেয়ে অরক্ষিত দেশের যে তালিকা করেছে, তাতে নেপালের স্থান অষ্টম। এখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায়ই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।