নেপালে বিমান দুর্ঘটনায় ১৪ আরোহীর সবাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পার্বত্য এলাকায় গতকাল মঙ্গলবার একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ মাইল দক্ষিণে অবস্থিত মাকবনপুর জেলার শিখরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নেপালের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান উদ্ধার কর্মকর্তা বিমলেশ লাল কর্ন বলেছেন, তাঁদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হয়েছেন বিমানটিতে থাকা ১৪ জনের সবাই নিহত হয়েছেন।কর্মকর্তারা বলেছেন, বেসরকারি বিমান সংস্থা অগ্নি এয়ারের একটি বিমান কাঠমান্ডু থেকে হিমালয়সংলগ্ন এলাকা লুকলার উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানে চারজন মার্কিন, একজন ব্রিটিশ, একজন জাপানি ও আটজন নেপালি ছিলেন। তাঁরা লুকলায় যাওয়ার পথে খারাপ আবহাওয়ার মুখে পড়ে কাঠমান্ডুতে আবার ফিরে আসছিলেন। ফেরার পথেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে প্রতাপ লামা নামের একজন প্রত্যক্ষদর্শী কান্তিপুর রেডিও স্টেশনকে টেলিফোনে জানান, মাঠের মধ্যে বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। লাশগুলো ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে।অগ্নি এয়ার জানিয়েছে, বিমানটিতে তাদের তিনজন নেপালি ক্রু ছিলেন। বাকি সবাই ছিলেন পর্যটক। এএফপি ও স্কাই নিউজ অনলাইন।নেপালে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০০৮ সালে। ওই সময় ১৮ জন যাত্রী নিয়ে একটি বিমান লুকলায় বিধ্বস্ত হলে বিমানের সব যাত্রী ও ক্রু নিহত হয়।লুকলার বিমানবন্দরটি সাধারণত পর্বতারোহীরাই বেশি ব্যবহার করে থাকেন।নেপালের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস পর্যটন। ২০০৬ সালে মাওবাদী গেরিলা ও সরকারের মধ্যে গৃহযুদ্ধের অবসানের পর দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।২০১১ সালে ১০ লাখ পর্যটক আকর্ষণের পরিকল্পনা হাতে নিয়েছে নেপাল সরকার। ২০০৯ সালে নেপাল ভ্রমণে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যা এর প্রায় অর্ধেক। এএফপি।