নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯
নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন আরোহী নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাঠমান্ডুর অদূরে গতকাল শুক্রবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, পাঁচজন চীনের এবং বাকিরা নেপালের নাগরিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেসরকারি প্রতিষ্ঠান সীতা এয়ারের একটি বিমান কাঠমান্ডু থেকে হিমালয়ের প্রবেশদ্বার বলে পরিচিত লুকলা শহরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানবন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে মনোহারা নদীর তীরে আছড়ে পড়ে। এ সময় বিমানে আগুন ধরে যায়। কিন্তু বিমানটির ইঞ্জিন বিস্ফোরিত হতে পারে, এমন আশঙ্কায় স্থানীয় লোকজন কাছে যাওয়ার সাহস পায়নি।দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় বলে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বিমানটি একটি পাখিকে আঘাত করেছিল। বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে এ তথ্য জানিয়েছিলেন পাইলট।পুলিশের মুখপাত্র বিনোদ সিং বলেন, নদীতীরে নিরাপদে বিমানটিকে অবতরণ করাতে চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই বিমানটিতে আগুন ধরে যায়। এএফপি ও বিবিসি।