নেপালে মতৈক্যের সরকার গঠন নিয়ে তোড়জোড়
নেপালে চলমান সংকট নিরসনে প্রেসিডেন্ট সে দেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর প্রতি ঐকমত্যের সরকার গঠনের যে সময় বেঁধে দিয়েছেন, তা কাল বৃহস্পতিবার বিকেলে শেষ হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ ব্যাপারে দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। তবে দলগুলো একটা সমাধানে পৌঁছাতে শেষ মুহূর্তে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। মাওবাদীরা গতকাল মঙ্গলবার নতুন ঐকমত্যের সরকারের প্রস্তাব দিয়েছে। নেপালি কংগ্রেসও তাদের নেতৃত্বে ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। তবে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই বলেছেন, প্রেসিডেন্ট ক্ষমতাবহির্ভূতভাবে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন।মাওবাদী নেতা পুষ্প কমল দহল গতকাল প্রস্তাব করেন, মাওবাদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড় দুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল থাকলে তাদের পছন্দমতো মন্ত্রণালয় নেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, ‘নেপালি কংগ্রেস (এনসি) তাদের পছন্দসই মন্ত্রী বানালে আমরা তা মানতে প্রস্তুত। এনসি ও ইউনাইটেড মার্ক্সিস্ট লেনিনিস্ট এ প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’ তিনি আরও বলেন, যেসব দল এখনো নতুন সরকারের ব্যাপারে মনস্থির করতে পারেনি, তাদের সঙ্গে কাজ করার কোনো সম্ভাবনা নেই।এনসির সভাপতি সুশীল কৈরালা গতকাল সকালে নেপালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডব্লিউ বোড ও উপপ্রধানমন্ত্রী বিজয়া কুমার গাছাদারের সঙ্গে বৈঠক করেন। এতে মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে বিজয়া কুমার সাংবাদিকদের বলেন, ‘কৈরালা ঐকমত্যের সরকারের নেতৃত্ব দিলে আমার কোনো আপত্তি থাকবে না।’বিভিন্ন গণমাধ্যমের খবর, নতুন জাতীয় ঐকমত্যের সরকারের প্রধান হিসেবে কৈরালার নাম প্রস্তাব করতে পারে এনসি। সিপিএন-ইউএমএল নামের একটি বিরোধী দল ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে কৈরালার নাম প্রস্তাবের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে প্রধানমন্ত্রী ভট্টরাইয়ের রাজনৈতিক উপদেষ্টা দেবেন্দ্র পুদেল বলেন, মন্ত্রিপরিষদের সদস্যরা রোববার এক জরুরি বৈঠকে মিলিত হন। সেখানে মন্ত্রিপরিষদের সদস্যরা প্রেসিডেন্ট রাম বরণ যাদবের নতুন সরকার গঠনের নির্দেশকে ক্ষমতাবহির্ভূত পদক্ষেপ বলে ঘোষণা দিয়েছেন।গত মে থেকে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করছেন। তবে তিনি এ মাসের গোড়ার দিকে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হন। দেশের বিরোধী দলগুলো চাইছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে সরিয়ে দিক, যাতে নতুন সরকার নির্বাচন করতে পারে। এএফপি, দ্য হিমালয়ান টাইমস ও এপি।