নেপালে রাজা ও মন্ত্রীদের গাড়ি নিয়ে বিপাকে সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ে থাকা ২৪টি দামি গাড়ি নিয়ে বিপাকে পড়েছে নেপালের সরকার। কী করবে বুঝে উঠতে পারছেন না শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, পাজেরো, মার্সিডিজ বেঞ্জ—এসব ব্র্যান্ডের গাড়িগুলো। নেপালের সাবেক রাজা, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়িগুলো ব্যবহার করতেন। গত মাসে সুপ্রিম কোর্টের এক আদেশবলে এগুলো সরকারের কাছে ফেরত দেন তাঁরা। এগুলো এখন সরকারি গ্যারেজে পড়ে আছে। কর্মকর্তারা বলেছেন, গাড়িগুলো ফেরত দেওয়ার পর সরকার তাৎক্ষণিকভাবে তা হস্তান্তরের পরিকল্পনা নিতে পারছে না। গাড়িগুলো কী করা হবে, এ বিষয়ে কোনো আইন না হওয়া পর্যন্ত এগুলো এভাবেই ফেলে রাখতে হবে। স্বরাষ্ট্রসচিব সুশীল জং বাহাদুর রানা বিবিসিকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্তত দুই ডজন গাড়ি পার্ক করে রাখা হয়েছে।’৯ ডিসেম্বরের আদেশে সুপ্রিম কোর্ট বলেন, প্রশাসনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় গাড়ি, জ্বালানিসহ অন্যান্য যেসব সুবিধা দেওয়া হয়েছে, তা আইন পরিপন্থী, বৈষম্যমূলক। আদালত সরকারের প্রতি এসব গাড়ি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। গাড়ি যাঁরা ফেরত দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক রাজা জ্ঞানেন্দ্র, প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মাধব কুমার নেপাল, পুষ্প কমল দহল ও লোকেন্দ্র বাহাদুর চাঁদ। স্বরাষ্ট্রসচিব বলেন, ব্যবহার ও ব্যবস্থাপনার অভাবে দামি গাড়িগুলোর ক্ষতির আশঙ্কায় সরকার উদ্বিগ্ন। এ কারণে এমন একটি আইন করা হচ্ছে, যার অধীনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব গাড়ি ব্যবহার করতে পারেন। বিবিসি।