নেপালে সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল
নেপালে সম্প্রতি অনুষ্ঠিত সাংবিধানিক পরিষদের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে। এতে সংবিধান প্রণয়ন নিয়ে দেশটিতে বিদ্যমান অচলাবস্থা নিরসনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
নেপালের সাংবিধানিক পরিষদের ৬০১টি আসনের মধ্যে ২৪০টিতে সরাসরি ভোটে সদস্যরা নির্বাচিত হন। রাজনৈতিক দলগুলোর আনুপাতিক ভোটের ভিত্তিতে ৩৩৫ আসন নির্ধারিত হয়। বাকি ২৬ আসনে সরকার মনোনীত প্রার্থী নেওয়া হবে।
১৯ নভেম্বর ২৪০ আসনের জন্য নেওয়া ভোটে এখনো পর্যন্ত প্রকাশিত ফলাফলে ১০৫টি আসন পেয়ে এগিয়ে আছে নেপালি কংগ্রেস। এতে নেপালি কংগ্রেস সাংবিধানিক পরিষদের সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হবে। ৯১টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উদারপন্থী কমিউনিস্ট দল ইউএমএল। পুষ্পকমল দহল প্রচণ্ডর নেতৃত্বাধীন মাওবাদী দল পেয়েছে মাত্র ২৬টি আসন। আগামী সপ্তাহ পর্যন্ত ভোট গণনা চলবে।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে প্রচণ্ডের মাওবাদী দল।