নেপালে সরকারের পদত্যাগ চেয়েছেন প্রচণ্ড
নেপালের মাওবাদীদের নেতা পুষ্পকমল দহল প্রচণ্ড ক্ষমতাসীন সরকারকে শান্তি-প্রক্রিয়ার পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে এর পদত্যাগ দাবি করেছেন। প্রচণ্ড গতকাল মঙ্গলবার বলেন, তাঁরা আর ক্ষমতাসীন জোট সরকারকে সমর্থন দেবেন না। এমন একসময় প্রচণ্ড এ ঘোষণা দিলেন, যখন দেশটিতে সরকারের সঙ্গে মাওবাদীদের শান্তি-প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। খবর এএফপির।সাবেক রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে গণঅভ্যুত্থানের চতুর্থ বার্ষিকী উপলক্ষে কাঠমান্ডুতে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রচণ্ড বলেন, তাঁদের বিশ্বাস, মাত্র এক মাসের মধ্যে শান্তি-প্রক্রিয়ার সফলতা আসবে। তিনি জানান, তাঁরা এটাও বিশ্বাস করেন, দেড় মাসের মধ্যে সংবিধানের খসড়া তৈরির কাজ শেষ করা যাবে। তবে তার জন্য শর্ত একটাই, সেটা হলো বর্তমান সরকারের নিঃশর্ত পদত্যাগ। তিনি বলেন, তাঁরা মনে করেন, শান্তি-প্রক্রিয়ার পথে এখন প্রধান বাধা খোদ ক্ষমতাসীন সরকার।ইতিমধ্যে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী শান্তি-প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা বি লাইন পাসকোয় গত মাসে নেপাল সফর করেছেন। ওই সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শান্তিচুক্তির শর্ত মেনে নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান।২০০৬ সালে এক দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মাওবাদীদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শান্তিচুক্তি হয়। নেপালের রাজার পতন ঘটানোর পর ওই বছর যে নির্বাচন হয় তাতে সর্বাধিক আসন পায় মাওবাদীরা। প্রচণ্ড প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও ২০০৯ সালে সেনাপ্রধানকে বরখাস্ত করাকে কেন্দ্র করে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন।