নেপালে সাংবাদিকদের হুমকির ঘটনায় জাতিসংঘের নিন্দা
নেপালে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটির একজন প্রখ্যাত গণমাধ্যম-ব্যক্তিত্বের মৃত্যুকে নিয়ে সংবাদপত্রে লেখালেখির ঘটনায় সাংবাদিকদের হুমকি দেওয়া হয়। এএফপি।নেপালের একটি পত্রিকার সম্পাদক জানান, দেশটির প্রথম স্যাটেলাইট টিভির মালিক জামিম শাহ চলতি মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ মৃত্যুর ঘটনা নিয়ে লেখালেখি করায় তাঁকে টেলিফোনে ও ই-মেইলে হুমকি দেওয়া হচ্ছে—এ নিয়ে লেখালেখি না করতে। হুমকির এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নেপালে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রতিনিধি রিচার্ড বেনেট বলেন, এ ধরনের হুমকি স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধক। দুর্ভাগ্যবশত, নেপালে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার।’সন্ত্রাসীদের গুলিতে নিহত জামিম শাহের (৪৭) বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার মাফিয়া-সম্রাট দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তবে শাহ বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।