নেপালে সাংবিধানিক পরিষদ নির্বাচনে ভোট গণনা শুরু

নেপালে আজ বুধবার সকাল থেকে সাংবিধানিক পরিষদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ এনডিটিভির এক খবরে জানানো হয়, আজ রাত নাগাদ ভোটের প্রাথমিক ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে অন্তত এক সপ্তাহ লাগবে।
গতকাল মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সাংবিধানিক পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হয়। নির্বাচিত এ পরিষদ সংবিধান লেখার কাজ করবে। নেপালের নির্বাচন কমিশনের কর্মকর্তা বীর বাহাদুর রাই জানান, নেপালের বেশ কয়েকটি শহরে ভোট গণনা শুরু হয়েছে ও ব্যালট-ভর্তি বাক্সগুলো ইতিমধ্যে অন্তত ২০টি শহরে পৌঁছে গেছে। রাজধানী কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ১০টি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স খুলেছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এসব কেন্দ্রে এখন গণনার কাজ চলছে।
বীর বাহাদুর রাই জানান, নেপালের পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাতের কারণে যান চলাচল বন্ধ থাকায় হেলিকপ্টারের সহায়তায় ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছে।
গতকাল মঙ্গলবার নতুন করে সংবিধান রচনার লক্ষ্যে ৬০১ জন সাংবিধানিক পরিষদের সদস্য নির্বাচনে দেশটির এক কোটি ২০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছে।