নেপালের প্রধানমন্ত্রীকে উৎখাতে সমাবেশ করবে বিরোধীরা
নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইকে উৎখাতের দাবিতে বিশাল জনসমাবেশ করবে দেশটির ২২টি রাজনৈতিক দল। দলগুলোর সঙ্গে কোনো প্রকার পরামর্শ না করেই প্রধানমন্ত্রী ‘একপাক্ষিকভাবে’ ও ‘অসাংবিধানিকভাবে’ নতুন নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে।জনসমাবেশের পরিকল্পনাকারী ২২টি রাজনৈতিক দল এরই মধ্যে জোট গঠন করেছে। দলগুলোর মধ্যে রয়েছে সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট) এবং নেপালি কংগ্রেসও। নেপালের মাওবাদী নেততৃত্বাধীন সরকারকে উৎখাতে চাপ সৃষ্টি করতে এবং একটি ঐক্যের সরকার গঠন করতে এ জোট দেড় লাখ লোকের সমাবেশ ঘটানোর লক্ষ্যে প্রচারণা শুরু করেছে।বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে, আগামী ২২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের অজুহাত দেখিয়ে ৬০১ সদস্যবিশিষ্ট সাংবিধানিক পরিষদ বিলুপ্ত করার মাধ্যমে মাওবাদী প্রধানমন্ত্রী ভট্টরাই দেশের ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা চালাচ্ছেন।নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় নেতা গোপাল মান শ্রেষ্ঠ বলেন, ‘গত ২৭ মে মাওবাদী নেতৃত্বাধীন সরকার যা করেছে, তা ১৯৬০ সালে সাবেক রাজা মহেন্দ্র এবং ২০০৫ সালে জ্ঞানেন্দ্র যেভাবে অভ্যুত্থান করেছিলেন তার চেয়ে কোনো অংশেই কম নয়।’এদিকে বৈদ্য কিরণের নেতৃত্বাধীন মাওবাদী দলের বিদ্রোহী গ্রুপটি ইঙ্গিত দিয়েছে, তারা বিরোধী দলগুলোর জোটের ওই প্রচারণায় সমর্থন দিতে পারে। অন্যদিকে, মাওবাদী দলের প্রধান পুষ্প কমল দহল প্রচণ্ড অভিযোগ করে বলেছেন, সাংবিধানিক পরিষদ বিলুপ্তির জন্য নেপালের প্রধান দুই দল—নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএলই দায়ী ছিল। রাজধানী কাঠমান্ডুতে গতকাল বুধবার একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, দল দুটি নতুন সংবিধানে দেশের ফেডারেল অবকাঠামোর বিরোধিতা করেছিল। সে কারণেই বেঁধে দেওয়া সময়সীমা ২৭ মের মধ্যে একটি খসড়া সংবিধান প্রণয়নের প্রচেষ্টা ব্যর্থ হয়।নেপালের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ভট্টরাই বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হওয়ার পর সাংবিধানিক পরিষদ বিলুপ্ত হওয়ায় একটি নতুন নির্বাচনের দিকে এগোনো ছাড়া আর কোনো উপায় ছিল না।অবশ্য, প্রধানমন্ত্রী ভট্টরাইয়ের নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বানকে অনুমোদন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দেশটির প্রেসিডেন্ট রাম বরণ যাদব বর্তমানে রাজনৈতিক দলগুলো এবং আইনজীবীদের সঙ্গে সলাপরামর্শে ব্যস্ত রয়েছেন। পিটিআই অনলাইন।