নেপালের মাওবাদীরা ঐকমত্যের সরকার গঠনে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই মন্ত্রিসভা ভেঙে দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে যাচ্ছেন। দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তিনি এই উদ্যোগ নিয়েছেন। ভট্টরাইয়ের ঘনিষ্ঠ একজন সহযোগী গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান।মাওবাদীরা আঞ্চলিক কিছু দলের সমর্থন নিয়ে সরকার গঠন করে। তবে এখন তারা সেই সরকার ভেঙে দিয়ে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস (এনসি) ও ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্টকে (ইউএমএল) নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে রাজি হয়েছে।ভট্টরাইয়ের মুখপাত্র রাম রিজান যাদব বলেন, ‘আমরা সব সময় জাতীয় ঐকমত্যের সরকারের পক্ষে। কিন্তু এনসি ও ইউএমএল তাতে সমর্থন দেয়নি। তাদের ছাড়াই ঐকমত্যের সরকার গঠন করতে হয়েছে।’ তিনি বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করবেন। এই মন্ত্রিসভায় পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব।’ প্রধানমন্ত্রীর এই মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী ভট্টরাই বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন—সেই সিদ্ধান্ত হওয়ার পর বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেবেন তিনি।নেপালের মাওবাদী বিদ্রোহীরা ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করে। শান্তিচুক্তির মাধ্যমে তারা রাজনীতির মূলধারায় এসে ২০০৮ সালের নির্বাচনে অংশ নেয়। পরে সরকারও গঠন করে। নেপালে আগামী ২৭ মের মধ্যে নতুন সংবিধান গ্রহণের ব্যাপারে পার্লামেন্টের বাধ্যবাধকতা আছে। কিন্তু কীভাবে শাসন পরিচালনা করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে এই সংবিধান গৃহীত হতে দেরি হচ্ছে। সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত ভট্টরাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।