নেপালের সংকট নিরসনে দূত পাঠাবে ভারত
নেপালের রাজনৈতিক সংকট সমাধানে দেশটিতে একজন দূত পাঠাবে ভারত। কয়েক সপ্তাহ আগে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল মাওবাদী দলের চাপের মুখে পদত্যাগ করেন। তখন থেকে কয়েক দফা চেষ্টা করেও প্রধানমন্ত্রী নির্বাচন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আগামীকাল শুক্রবার চতুর্থ দফায় নেপালের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম শরণ এ সপ্তাহের শেষ দিকে নেপাল সফরে যাবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে তিনি বৈঠকে বসতেও সাহায্য করবেন।ওই কর্মকর্তা আরও জানান, নেপালের রাজনৈতিক পরিস্থিতি অবহেলায় পড়ে আছে। তাই ভারত সেখানে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করতে চায়। শ্যাম শরণ বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা। এএফপি।