নেপালের সাবেক যুবরাজ পরশ গ্রেপ্তার
নেপালের সাবেক যুবরাজ পরশ শাহকে (৩৮) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের একটি অভিজাত অবকাশ কেন্দ্রে অতিথিদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ফাঁকা গুলি করার অভিযোগে নেপালি পুলিশ তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে। গতকাল নেপালি পুলিশ সুপার পুসকার কারকি বলেন, পুলিশের একটি দল পরশ শাহকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে হেলিকপ্টারে করে চিতবানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।নেপালের সরকারি সংবাদমাধ্যম জানায়, পরশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জে মুকুন্দ খানাল বলেন, পরশ শাহকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জনসাধারণের বিচরণের স্থানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হবে। সোমবার নেপালের টাইগার টপস অবকাশ কেন্দ্রে উপপ্রধানমন্ত্রী সুতাজা কৈরালার মেয়ে ও জামাতার সঙ্গে পরশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ পরশ ফাঁকা গুলি ছোড়েন। গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন পরশ। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।