নেপোলিয়ানের প্রতিকৃতিটি লুই ডেভিডের আঁকা
ফরাসি সম্রাট ও সেনাপতি নেপোলিয়ান বোনাপার্টের (১৭৬৯-১৮২১) একটি প্রতিকৃতি ফ্রান্সের বিখ্যাত চিত্রকর জ্যাক লুই ডেভিডের আঁকা বলে শনাক্ত করা হয়েছে। ফলে এই ছবির মূল্য শতগুণ বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০০৫ সালে এক নিলামে ওই ছবি ১৫ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়েছিল।
দীর্ঘদিন নিখোঁজ ছবিটি পরিচ্ছন্ন করে এ নিয়ে গবেষণা চালান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের বিশেষজ্ঞ সাইমন লি। তিনি একপর্যায়ে ছবিটি লুই ডেভিডের আঁকা বলে নিশ্চিত হন। লি বলেন, লোকজনের ধারণা ছিল প্রতিকৃতিটি নকল। কারণ এটি খুবই অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।
নেপোলিয়ানের ওই প্রতিকৃতির বর্তমান মূল্য ২০ লাখ পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। তবে এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ওয়াটারলু যুদ্ধের দ্বিশতবার্ষিকী উপলক্ষে ২০১৫ সালে ছবিটির দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে নেপোলিয়ানকে ১৮১৩ সালের সামরিক (ন্যাশনাল গার্ড) পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বিবিসি ও ইনডিপেনডেন্ট।