নেপোলিয়নের ইংরেজি চিঠি চার লাখ ডলারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা ভাঙা ইংরেজিতে লেখা একটা চিঠি। আদ্যোপান্ত ভুলে ভরা। এ রকম একটা চিঠিই নিলামে চার লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে! চিঠিটা তো আর যেনতেন কারও নয়। সেটা ফ্রান্সের সাবেক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের।ফ্রান্সের প্যারিসের ফন্টেইনব্লিউয়ে অবস্থিত নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত এ নিলামের আয়োজন করে। প্রতিষ্ঠানটির অনুমানের চেয়ে পাঁচ গুণেরও বেশি দামে চিঠিটা বিক্রি হয়েছে। কিনেছে প্যারিসের ফ্রেঞ্চ মিউজিয়াম অব লেটারস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস।নেপোলিয়ন সারা জীবনে ইংরেজিতে তিনটি চিঠি লিখেছেন। নিলামে বিক্রি হওয়া চিঠিটা তার মধ্যে একটা। এটা ১৮১৬ সালের ৯ মার্চ লেখা। সে সময় তিনি দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ছিলেন। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর তাঁকে ওই দ্বীপে নির্বাসিত করা হয়। চিঠিটা নেপোলিয়নের নির্বাসিত জীবনের সঙ্গী ইমানুয়েলকে উদ্দেশ করে লেখা। এই ইমানুয়েল তাঁকে ইংরেজি ভাষা শেখাচ্ছিলেন। এক পৃষ্ঠার ওই চিঠিটার আদ্যোপান্ত ভুলে ভরা। যেমন, একটি বাক্যে লেখা হয়েছে, ‘হি শ্যাল ল্যান্ড অ্যাবোভ সেভেন ডে এ শিপ ফ্রম ইউরোপ দ্যাট উই শ্যাল গিভ অ্যাকাউন্ট ফ্রম অ্যানিথিং হু দিস শ্যাল হ্যাভ বিন ইভেন টু ডে অব ফার্স্ট জানুয়ারি থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটিন।’ মূলত. নেপোলিয়ন চিঠিটাতে একটি জাহাজের কথা উল্লেখ করেছেন। ইউরোপ থেকে সংবাদ নিয়ে জাহাজটি সাত দিনের মধ্যে সেন্ট হেলেনা দ্বীপে ভেড়ার কথা ছিল।এ ছাড়া নেপোলিয়ন তখন সম্ভবত অনিদ্রা রোগে ভুগছিলেন। কেননা, চিঠির শেষে তিনি লিখেছেন, ‘সকাল চারটা’। ১৮২১ সালে ৫১ বছর বয়সে সেন্ট হেলেনা দ্বীপে মারা যান নেপোলিয়ন। লেখক ইমানুয়েল ওই দ্বীপে নির্বাসিত জীবনযাপন নিয়ে পরে একটা বই লিখেছেন। নেপোলিয়ন তাঁর বন্দীকর্তা ব্রিটিশদের ইংরেজি ভাষা শিখতে কতটা উদগ্রীব ছিলেন, ইমানুয়েল তাঁর বইয়ে সে বিষয়ে স্মৃতিচারণা করেছেন। বিবিসি।