নেপোলিয়ান বোনাপার্টের বিয়ের সনদ নিলামে
মার্কিন ধনকুবের ক্রিস্টোফার ফোর্বসের সংগ্রহে থাকা ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের ব্যবহৃত জিনিসপত্র এবং নেপোলিয়ান বোনাপার্টের বিয়ের সনদ গত সপ্তাহান্তে নিলামে তোলা হয়। ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত গত রোববার এই তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।
ওসেনাত জানিয়েছে, দুই দিনের নিলামে সংগ্রহের ৯৯ ভাগ বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে এক হাজার ৩০০ চিঠি ও পাণ্ডুলিপি, পাঁচ শতাধিক চিত্রকর্ম।
১৮০৪ সালে নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে জোসেফিনের গোপন বিয়ের সদনটি ৩৫ হাজার ৭০০ ডলার বা প্রায় ২৮ লাখ টাকায় বিক্রি হয়েছে।
৪০টি জিনিসপত্র ফ্রান্সের কয়েকটি জাদুঘর কর্তৃপক্ষ নিয়েছে।
জার্মান চিত্রী ফ্রাঞ্জ হাভের উইন্টারহল্টারের আঁকা তৃতীয় নেপোলিয়ান ও সম্রাজ্ঞীর দুটি বড় পোরট্রেট ৯৬ হাজার ২০৫ ইউরো বা ৮৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।
তৃতীয় নেপোলিয়ানের একটি পোশাক নয় হাজার ৭৫৬ ইউরো বা আট লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সংগৃহীত জিনিসপত্রের মোট মূল্য এবং ব্যক্তিগত জিনিসের বিস্তারিত বিবরণ জানানো হয়নি।