নেপোলিয়ানের প্রথম স্ত্রীর ৫০টি চিঠি নিলামে চড়া দামে বিক্রি
সাবেক ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের প্রথম স্ত্রী জোসেফাইনের লেখা ৫০টি চিঠি নিলামে চড়াদামে বিক্রি হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে ফন্তেইনিব্লিউয়ে গত শনিবার অনুষ্ঠিত ওই নিলামে একটি চিঠি সর্বোচ্চ ৮৭ হাজার ইউরোতে বিক্রি হয়।১৭৮৯ সালে সংগঠিত ফরাসি বিপ্লব এবং বিপ্লব-পরবর্তী শাসনামল-সম্পর্কিত প্রায় ৪০০ নথিপত্রসহ এসব চিঠি জোসেফাইন নেপোলিয়ান বোনাপার্টকে লিখেছিলেন।নিলামের আয়োজক জ্যাঁ পিয়েরে ওসেনা বলেন, বিশ্বের সব দেশের মানুষেরই যে জোসেফাইনের প্রতি আগ্রহ আছে, দর্শনার্থীদের চিঠিগুলোর চড়াদাম হাঁকানোর মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া যায়। চিঠিগুলো প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। পিয়েরে বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, চিঠি বিক্রি করে সাত লাখ ইউরো অর্থাৎ নয় লাখ ৩৮ হাজার ৭৫০ ডলার পাব। কিন্তু চিঠিগুলো তার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এটি সত্যিকারের বিজয়।’জোসেফাইন তাঁর সাবেক স্বামীর জোটবাহিনীর কাছে পরাজয়ের পর ১৮১৪ সালের ৬ এপ্রিল সিংহাসন ত্যাগ করার ঘটনা নিয়ে তাঁর ছেলেকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি বিক্রি হয়েছে ৮৬ হাজার ৭৪৫ ইউরোতে। এই চিঠি ১৭৯৬ সালে নেপোলিয়ানকে লেখা বিখ্যাত একটি চিঠির দামকে ছাড়িয়ে গেছে। তাতে জোসেফাইন লিখেছিলেন, ‘আমার স্বামী আমাকে ভালোবাসেন না, ভক্তি করেন। আমার ধারণা, তিনি পাগল হয়ে যাবেন।’ ১৭৯৬ সালে নেপোলিয়ান ও জোসেফাইনের বিয়ে হয়। ১৮০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এএফপি।