নেভাদায় ককাসে জয়ী হলেন মিট রমনি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন মিট রমনি। রোববার নেভাদা অঙ্গরাজ্যের ককাসে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন।নেভাদায় ৭১ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, রমনি পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। যদিও ২০০৮ সালে তিনি এ অঙ্গরাজ্যে পেয়েছিলেন ৫০ শতাংশ ভোট।রমনির প্রধান প্রতিদ্বন্দ্বী নিউট গিংরিচ পেয়েছেন ২৩ শতাংশ ভোট। ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন টেক্সাসের প্রতিনিধি রন পল। আর পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম পেয়েছেন ১১ শতাংশ ভোট।তবে নিউট গিংরিচ জানিয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন না। তিনি বলেন, ‘দলের সম্মেলন পর্যন্ত আমরা প্রচারণা চালিয়ে যাব।’ আগামী ২৭ আগস্ট ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই দলের প্রতিনিধিরা ভোট দিয়ে তাঁদের প্রার্থী চূড়ান্ত করবেন। এর আগে বাছাইপর্বের নির্বাচন শেষ হবে ৩ এপ্রিল টেক্সাসে ভোট গ্রহণের মধ্য দিয়ে। এএফপি।