নেভাদায়ও জয়ী হতে পারেন মিট রমনি
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে এগিয়ে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি নেভাদার ককাসেও জয় পেতে পারেন বলে আভাস পাওয়া গেছে। অনেকে বলছেন, জয়ী হলেও রমনি যদি মোট ভোটের ৫০ শতাংশ না পান, তা হতাশার কারণ হবে। এর আগে প্রায় সব কটি জনমত জরিপের ফলাফলে নেভাদায় অন্তত ২০ থেকে ২৫ শতাংশ ভোটের ব্যবধানে তিনি এগিয়ে থাকবেন বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে গতকাল শনিবার এ ভোট হওয়ার কথা।নেভাদায় রমনির অবস্থান সম্পর্কে নেভাদার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের শিক্ষক ডেভিড ডেমোর বলেন, ‘প্রত্যেকেই জানে তিনি (রমনি) জয়ী হতে চলেছেন। বিষয়টা হচ্ছে, তাঁর বিজয় কত বড় হতে পারে এবং ভোটের কত ভাগ তিনি পাবেন।’ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন লড়াইয়ে শুরু থেকে প্রচারণা ও জনমত জরিপে এগিয়ে ছিলেন মিট রমনি। কিন্তু মধ্য জানুয়ারিতে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নিউট গিংরিচের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজিত হন তিনি। অবশ্য এ বিপর্যয় সামলে ওঠেন তিনি। ফ্লোরিডায় ঘুরে দাঁড়ান।তবে মিট রমনির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। ধনাঢ্য রমনি নির্বাচনী প্রচারণায় এর আগে গরিবদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গরিবদের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করা নিয়ে নিন্দার ঝড় উঠলে এক টিভি সাক্ষাৎকারে ওই ঘটনাকে ভুল করে মুখ ফসকে বলে ফেলা কথা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এএফপি, রয়টার্স।