গোপন সেনা নথি ফাঁস করার অপরাধে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলসের সাত সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একজন কমান্ডো গত বছর সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিলেন।গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, ‘মেডেল অব অনার: ওয়ার ফাইটার্স’ নামের একটি ভিডিও গেম তৈরিতে সহায়তা করতে সেসব গোপন নথি ব্যবহার করা হয়েছে। সাজা পাওয়া ব্যক্তিদের সবাই নেভি সিলসের ‘টিম-৬’-এর সদস্য। এর মধ্যে আছেন দুজন সিনিয়র চিফ স্পেশাল অপারেটর এবং পাঁচজন চিফ স্পেশাল অপারেটর। তাঁরা সবাই গত বসন্ত ও গ্রীষ্মে অর্থের বিনিময়ে ওই ভিডিও গেম তৈরিতে সহায়তা করতে দুই দিন কাজ করেছেন বলে কর্মকর্তারা জানান। এ ছাড়া ভিডিও গেমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিম-৬-এর অন্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে।নেভি সিলসের সদস্যরা সাহায্য করায় গেমটি লাদেনের বিরুদ্ধে চালানো বাস্তব অভিযানের খুব কাছাকাছি বলে এর নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্ট প্রচার করে।এর আগে লাদেন হত্যার অভিযানে অংশ নেওয়া আরেক নেভি সিলসের সদস্য ম্যাট বিসোনেটের অভিযানের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বইয়ের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্ক ওয়েন ছদ্মনামে নো ইজি ডে নামের ওই বইতেও গোপন সেনা তথ্য ফাঁসের দাবি করেছে পেন্টাগন। বিবিসি।