নেরুদার দেহাবশেষ উত্তোলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির নোবেলজয়ী প্রয়াত কবি, কূটনীতিক ও রাজনীতিক পাবলো নেরুদার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করা হবে। দেশটির একটি আদালত নেরুদার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য গত শুক্রবার এ নির্দেশ দিয়েছেন। দেহাবশেষ উত্তোলনের তারিখ আগামী মাসে নির্ধারিত হবে।নেরুদার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক রয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৭৩ সালে নেরুদার মৃত্যু হয় বলে সাধারণ মানুষের ধারণা। আবার তাঁকে স্বৈরশাসক অগাস্তো পিনোশের অনুগত কেউ বিষ প্রয়োগে হত্যা করেছিল বলেও অনেকে ধারণা করেন। চিলির তৎকালীন সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দেকে উৎখাতের মাধ্যমে পিনোশে ক্ষমতায় আসার ১২ দিন পরই নেরুদার মৃত্যু হয়। বামপন্থী নেরুদা ছিলেন প্রেসিডেন্ট আয়েন্দের ঘনিষ্ঠ বন্ধু।নেরুদাকে আসলেই বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, সে ব্যাপারে তাঁর গাড়িচালক ও সহযোগীর দাবির পরিপ্রেক্ষিতে চিলির সরকারি কর্মকর্তারা ২০১১ সালে তদন্ত শুরু করেন। চিলির কমিউনিস্ট পার্টির তৎকালীন জ্যেষ্ঠ সদস্য নেরুদা মূলত প্রেমের কবিতা এবং লাতিন আমেরিকার সাধারণ মানুষ ও স্থানীয় ইতিহাস-নির্ভর মহাকাব্য ক্যান্তো জেনারেল রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। পিনোশের শাসনামলে তাঁর সাহিত্যকর্ম নিষিদ্ধ ছিল। ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। এএফপি।