নেরুদার মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ আদালতের
চিলির নোবেল পুরস্কার বিজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যুর কারণ পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠায় এ তদন্তের নির্দেশ দেওয়া হয়।চিলির কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য কবি পাবলো নেরুদা ৬৯ বছর বয়সে সান্তিয়াগোর সান্তা মারিয়া ক্লিনিকে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয়, প্রোস্টেট ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর ব্যক্তিগত সহকারী ও গাড়ির চালক মানুয়েল আরায়া অসোরিও বরাবরই অভিযোগ করে আসছিলেন, চিলির সামরিক শাসক জেনারেল আগুস্তো পিনোশের নির্দেশে তাঁকে হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাঁর এই কথার ওপর ভিত্তি করে চিলির কমিউনিস্ট পার্টি নেরুদার মৃত্যুর ঘটনা পুনঃ তদন্তের দাবি জানিয়ে আসছিল। বিচার বিভাগ ও বিচারক মারিয়ো কারোজা এ দাবি আমলে নিয়ে গত বৃহস্পতিবার মৃত্যুর ঘটনাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন। এএফপি ও বিবিসি।