নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহান নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার সম্মানে পুরস্কারের প্রবর্তন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ৷ বিশ্বসংস্থার মহাসচিব বান কি মুন গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন৷ খবর পিটিআইয়ের৷
‘জাতিসংঘ নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব গৃহীত হওয়ার পর সাধারণ পরিষদে বান কি মুন বলেন, ‘নেলসন ম্যান্ডেলার প্রতি আমাদের শ্রদ্ধা শুধু কথা ও অনুষ্ঠানে প্রকাশ পাওয়ার নয়, বরং এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে তিনি যে প্রদীপ আমাদের দিয়ে গেছেন, তা তুলে ধরা যায়৷’
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ম্যান্ডেলার কর্মময় জীবনকে একটি অর্থপূর্ণ পুরস্কারের মাধ্যমে তুলে ধরতে সাধারণ পরিষদ আজ আরও একটি পদক্ষেপ নিল৷’
গৃহীত প্রস্তাব অনুসারে সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে পরামর্শক্রমে মহাসচিব আগামী ছয় মাসের মধ্যে পুরস্কারের প্রক্রিয়া ও শর্ত নির্ধারণ করবেন৷
বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা ৯৫ বছর বয়সে গত ৫ ডিসেম্বর পরলোকগমন করেন৷