নোট বাতিল কালোটাকার বিরুদ্ধে বিরাট ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নোট বাতিলের ব্যাপারে তাঁর গত মাসের আকস্মিক সিদ্ধান্ত কালোটাকা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কর ফাঁকির প্রবণতাকে ‘বিরাট এক ধাক্কা’ দিয়েছে। খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে গতকাল শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মোদি এ মন্তব্য করেন।
৪৫ মিনিটের ভাষণে মোদি বলেন, কালোটাকার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ভারত যা করেছে, তার নজির বিশ্বে নেই। নোট বাতিলের পর ব্যাংক ও এটিএম বুথে সাধারণ মানুষের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকাসহ নানা ভোগান্তির কথা স্মরণ করে এ সময় তিনি ‘ত্যাগের ধারণাই বদলে দেওয়ার জন্য’ ভারতীয় জনগণকে ধন্যবাদ জানান।
ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী তাঁর সরকারের নোট বাতিলের পদক্ষেপকে ‘শুদ্ধি অভিযান’ বলে আখ্যায়িত করেন। নরেন্দ্র মোদি বলেন, জনগণের দুর্ভোগ, বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের অসুবিধা দ্রুত লাঘব করে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দিয়েছেন।
বাতিল নোট ফিরিয়ে নতুন অর্থ নেওয়ার ব্যাপারে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল শনিবার শেষ হয়েছে। বাতিল ৫০০ ও ১০০০ রুপির যে পরিমাণ নোট বাজারে ছিল, তার মূল্যমান ১৫ লাখ কোটি রুপি। কয়েক দিন আগে পর্যন্ত ১৪ লাখ কোটি রুপির সমপরিমাণ বাতিল নোট ব্যাংকে ফেরত গেছে।
নরেন্দ্র মোদি তাঁর ভাষণে নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, গ্রামীণ ও নগরের দরিদ্রদের জন্য গৃহায়ণ ঋণ আরও সহজ করা হবে এবং সুদের হার অনেকাংশে কমিয়ে আনা হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও বিশেষ ঋণসুবিধা দেওয়া হবে।