যাঁরা নৌপথে অবৈধ উপায়ে অস্ট্রেলিয়ায় গিয়ে আশ্রয় চাইবেন, তাঁদের স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথা ভাবছে অস্ট্রেলিয়া। এমনকি পরে ব্যবসায়িক কাজ বা বেড়ানোর জন্যও তাঁদের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার এমন কঠোর পরিকল্পনার কথা জানিয়েছে।
অস্ট্রেলীয় পার্লামেন্টের পরবর্তী অধিবেশনেই অভিবাসন আইনে সংশোধনের কঠোর প্রস্তাবটি উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, নৌপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় যাওয়া আশ্রয়প্রার্থীদের কখনোই সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া দরকার। তিনি বলেন, ‘কোনো ধরনের হুমকিকে ছোট করে দেখা উচিত নয়। মানব পাচারকারীরা নিকৃষ্টতম অপরাধী। তাঁদের শত শত কোটি ডলারের ব্যবসা আছে। তা চলতে দেওয়া যায় না।’
অস্ট্রেলিয়ার অভিবাসন আইনে সংশোধনী আনতে সরকার ২০১৩ সালের মাঝামাঝি সময়ে উদ্যোগ নেয়। তখনকার প্রধানমন্ত্রী কেভিন রাড ঘোষণা দিয়েছিলেন, ভিসা ছাড়া কেউ নৌপথে অস্ট্রেলিয়ায় গিয়ে আশ্রয় চাইলে কখনোই পাবেন না।
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এখন নৌপথে সে দেশে প্রবেশের চেষ্টা করা লোকজনকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়। তাঁরা সত্যিকারের শরণার্থী বলে প্রমাণিত হলেও অস্ট্রেলিয়ায় গিয়ে স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন না। বর্তমানে চালু ব্যবস্থায় তাঁরা নিজ দেশে ফিরে যাওয়া, নাউরু বা মানুস দ্বীপের আশ্রয়কেন্দ্রেই জীবন কাটিয়ে দেওয়া কিংবা তৃতীয় কোনো দেশে যাওয়ার মধ্যে যেকোনোটি বেছে নিতে পারেন।
অস্ট্রেলিয়ায় অভিবাসন পেতে ইচ্ছুক যাঁরা ২০১৩ সালের ১৯ জুলাই থেকে প্রতিবেশী নাউরু ও পাপুয়া নিউগিনিতে অবস্থান করছেন বা সেখান থেকে নিজ দেশে ফিরে গেছেন এবং ভবিষ্যতে যাঁরা নৌপথে বিনা ভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করবেন, তাঁদের সবার জন্য প্রস্তাবিত নতুন আইনটি প্রযোজ্য হবে। তবে শিশুরা এ থেকে অব্যাহতি পাবে এবং অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন।
প্রস্তাবিত নতুন আইনটি পাস না করার প্রস্তাব সমর্থন করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি অস্ট্রেলিয়ার বিরোধী দল লেবার পার্টি।
নাউরুতে এখন অন্তত ৪০০ নারী-পুরুষ ও শিশু শরণার্থীকে আটকে রেখেছে অস্ট্রেলিয়া। মানুসে এ রকম বন্দীর সংখ্যা প্রায় ৮০০। পাপুয়া নিউগিনির একটি আদালত বলেছেন, এভাবে অভিবাসনপ্রার্থী মানুষকে আটকে রাখা অসাংবিধানিক এবং অবৈধ। ওই রায়ের পর মানুসের শরণার্থীশিবিরটি বন্ধ করে দিতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।